দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায় সম্পূর্ণ নিজের ব্যর্থতা হিসেবে স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মৃত্যুর দায় সরকারের নয়, বরং একান্তভাবেই তার নিজের।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নিজে এবং এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত সাত মাসে হামে যত শিশুর মৃত্যু হয়েছে, তার দায় তো আমার। প্রয়োজনে আমাকে ফাঁসি দিন, এটি আমার ব্যক্তিগত ব্যর্থতা। তবে আমি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।”
এ সময় হামের টিকা নিয়ে চলমান নানা সমালোচনা ও অপপ্রচারের জবাব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, একটি কুচক্রী মহল টিকা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে যে এগুলো ভারত থেকে আনা হয়েছে। অথচ মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগৃহীত, আর বাকি টিকাগুলো জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে স্বল্পমূল্যে আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফের সরবরাহ করা এসব টিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া অভিভাবকদের মধ্যে শিশুদের টিকা না দেওয়ার যে অনীহা দেখা যাচ্ছে, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং বহির্বিভাগে ই-টিকিট ও কিউআর কোড ভিত্তিক অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালটির সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। চিকিৎসকদের সততা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে রোগীদের প্রতি আরও সহনশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
পূর্বকোণ/এমএইচ


















