চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।
ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করে বলেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে আমার স্বামীকে গুলি করেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুইটি মোটরসাইকেলে এসে পাঁচজন দুর্বৃত্ত একজনকে গুলি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর




















