টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৮ নভেম্বর) বিকালে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন ও সেনাবাহিনী ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করেন।
এছাড়া একটি পুরোনো ভারতীয় ১০ রুপির নোট, সিমবিহীন আটটি খালি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে। তবে এসময় ওই বসতঘর থেকে কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর




















