জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান। জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ ও জলবায়ু কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই সম্মেলনে গ্রিন জোনে একটি বিশেষ ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপনসহ ব্লু জোনে দুটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ।
তিনি জানান, কপ-৩১ সম্মেলনে দুটি প্রধান জোন থাকবে গ্রিন জোন ও ব্লু জোন। এর মধ্যে গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপন করা হচ্ছে।
এখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের অপার সম্ভাবনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এ ছাড়া সম্মেলন চলাকালে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং বিস্তারসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা গৃহীত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ব্লু জোনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ ও ১৩ নভেম্বর দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্ট দুটি হলো:
১. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি।
২. কৃত্রিম পলিমার পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্রসারের চ্যালেঞ্জ।
পররাষ্ট্রসচিব জানান, এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ায় সহ-সভাপতিত্ব করবে।
বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও ভৌগোলিক কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, লস অ্যান্ড ড্যামেজ তহবিল কার্যকর করা এবং উন্নত দেশগুলোর অর্থায়নসংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কপ-৩১-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যা দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূর্বকোণ/ইবনুর


















