দেশের শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে হাসপাতালগুলো গড়ে তোলা হবে, যেখানে শুধু শ্রমিকদেরই চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই রূপরেখা তুলে ধরেন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক ভাইদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রাথমিকভাবে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছি।”
সংসদীয় বক্তব্যে বিগত শাসনকালের সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং খনিজ সম্পদের সঠিক ব্যবহার না করে আমদানিনির্ভরতা তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি শ্রমিক শ্রেণির মৌলিক সুবিধা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বাস দেন।
পূর্বকোণ/এমএইচ




















