চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে, জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া।
সোমবার সিনহুয়ার বরাতের রয়টার্স জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিববার গভীর রাতে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
কী থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তা পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
এর আগে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর গত বছরের নভেম্বরে চীনের উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়।
পূর্বকোণ/মিফতা




















