চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সার চালক-শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১), রিংকু (২২), সিদরাতুল মোনতাহা (১৪), শামীমা আকতার (৩৪), শাহাব উদ্দীন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) ও চালক ফয়সাল (৩২)।
স্থানীয়রা জানান, আজ বিকালে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার ওই স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা দুটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে মো. রাহাত, নাদিয়া, সাদিয়া ও রিংকুর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, সিদরাতুল মোনতাহা, শামীমা আকতার, শাহাব উদ্দীন, নাঈম, বাদশা সওদাগর ও চালক ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয় এবং বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া হয়।
পূর্বকোণ/রানা/এএইচ



















