পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি ছোট নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে থেকে এক্সে দেওয়া পোস্টে তথ্য নিশ্চত করেছে।
পোস্টে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও কোনো জীবিত আছে কিনা তা এখনও নিশ্চিত করার সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেনেগালের রাজধানী ডাকারের উত্তরে কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি ছিল পিরোগ ধরনের সমতল তলাবিশিষ্ট ছোট জলযান। স্থানীয় সংবাদমাধ্যম লে সোলেই জানিয়েছে, মৃতদের বেশির ভাগই একই বিভাগের লেওনা ও থিয়েপ এলাকার বাসিন্দা।
অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ওয়াকিং বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকালে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই মারা গেছেন ৬৩৫ জন।
সংস্থাটি জানিয়েছে, ওই সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জন অভিবাসীর বিপরীতে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, ইউরোপে যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এক সপ্তাহের মধ্যে প্রায় ১৫০ জন মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া প্রায় ৪০০ জনকে উদ্ধার করা হয়েছে।
গত বছরের নববর্ষের সময় গাম্বিয়া উপকূলে ২০০ জনেরও বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, সেখান থেকে ৪৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। সূত্র: রয়টার্স, আলজাজিরা
পূর্বকোণ/নুসরাত


















