চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

টেকনাফ সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। 
 
রবিবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানব পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করেন।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযান স্থল থেকে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর-১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে যৌথ বাহিনী দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার  করেছিল। 
 
পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট