প্রাথমিক বিদ্যালয়গুলোতে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট করা হয়েছে । জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে সব ধরনের বাণিজ্যিক সহায়ক বই বা গাইড নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে হাইকোর্টে।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিট আবেদনটি দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং এনসিটিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক স্তরে বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি মৌলিক ও আইনি অধিকার। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ এর মাধ্যমে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে, যা প্রচলিত মূল আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত। এই ধরনের পরীক্ষা শিশুদের মানসিক ট্রমা তৈরি করবে ।
এছাড়া, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’ এর নির্দেশনা লঙ্ঘন করে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রকাশনাগুলোর সঙ্গে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত সহায়ক বইয়ের বোঝা শিশুদের ওপর চাপাচ্ছে। এর ফলে শিশুদের মানসিক চাপের পাশাপাশি শারীরিক বিকাশ ও চিন্তাশক্তি বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’ এর তোয়াক্কা না করে বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো অননুমোদিত স্তর চালুর মাধ্যমে শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে বলেও রিটে অভিযোগ করা হয়।
পূর্বকোণ/এমএইচ



















