চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে রাউজানে বিএনপির বহরে হামলা, আহত অন্তত ১৫

জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে রাউজানে বিএনপির বহরে হামলা, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে ফেরার পথে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটার দিকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৪ থেকে ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ৬-৭ শত নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে ফেরার পথে মাজার গেটের সামনে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রাসেল, রাউজান উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, পৌরসভা জাসাসের সভাপতি তারিকুল ইসলাম তারেক, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ ফারুক, কদলপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মো. সালাউদ্দিন, বাগোয়ান ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ এবং গহিরা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। এক বিবৃতিতে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি পালন শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়।” তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী এবং পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ। তারা দাবি করেন, এ ধরনের হামলার মাধ্যমে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে। নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট