চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

টেকনাফ ও উখিয়া সীমান্তে বেড়েছে ইয়াবাপাচার

টেকনাফ ও উখিয়া সীমান্তে বেড়েছে ইয়াবাপাচার

এক বছরে ইয়াবা উদ্ধার ২৭ শতাংশ বেড়েছে

নাজিম মুহাম্মদ

৯ নভেম্বর, ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

টেকনাফ ও উখিয়া সীমান্তে কড়া নজরদারি সত্ত্বেও কমছে না মাদক চোরাচালান। গত বছরের তুলনায় চলতি বছর ইয়াবা উদ্ধার বেড়েছে ২৬.৯৯ শতাংশ। ছোট চালানের ঝুঁকি এড়িয়ে পাচারকারীরা এখন কৌশল পাল্টে বড় চালানে মাদক আনছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া মাদক উদ্ধারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত এবং নাফ নদী দিয়ে ইয়াবা পাচার বেড়েছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেছেন, ‘কম ইয়াবা জব্দ করার অর্থ এই নয় যে দেশে মাদকের অনুপ্রবেশ কমেছে। একইভাবে বেশি ইয়াবা জব্দ করার মানেই যে পাচার বৃদ্ধি পেয়েছে, তা নিশ্চিত করে বলা যায় না। কারণ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও ইয়াবা জব্দ এবং পাচার রোধে নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইয়াবা উদ্ধারের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা নজরদারি বাড়িয়েছি। সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি মাদকের চোরাচালান বন্ধে।’

 

বিজিবির দুই বছরের ইয়াবা ও ক্রিস্টাল মেথ উদ্ধারের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১টি বড় অভিযানে মোট ২৩,৫৬,০০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র আটটি বড় অভিযানেই জব্দ করা হয়েছে ২৯,৯২,০০০টি ইয়াবা। অর্থাৎ, আগের বছরের তুলনায় ২০২৬ সালে ৬,৩৬,০০০ টি বা ২৬.৯৯ শতাংশ বেশি ইয়াবা উদ্ধার হয়েছে।

 

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে অভিযানের সংখ্যা ১১টি থেকে কমে আটটিতে দাঁড়ালেও (কমেছে ২৭.২৭ শতাংশ), একক অভিযানে বড় চালান জব্দের হার বেড়েছে। ২০২৫ সালে প্রতি অভিযানে গড়ে ২,১৪,১৮২টি ইয়াবা উদ্ধার হলেও ২০২৬ সালে তা ৭৪.৬২ শতাংশ বেড়ে ৩,৭৪,০০০টি দাঁড়িয়েছে। এছাড়া, ২০২৫ সালের ১ জুলাই ইয়াবার পাশাপাশি ২৮ কেজি গাঁজা উদ্ধার হলেও তালিকায় কোনো ‘আইস’ ছিল না। কিন্তু ২০২৬ সালে কোনো গাঁজা উদ্ধারের তথ্য না থাকলেও দুই দফায় মোট পাঁচ কেজি উচ্চমূল্যের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ উদ্ধার করেছে বিজিবি।

 

২০২৬ সালের আটটি বড় অভিযান চলতি বছরের ৪ জানুয়ারি সাবরাংয়ের নাফ নদী এলাকায় ২,০০,০০০টি ইয়াবা উদ্ধার করে বিজিবি। এপ্রিলে বিজিবি দুটি অভিযান চালায়। ৭ এপ্রিল উখিয়া-টেকনাফ সীমান্তে ২,৩০,০০০টি এবং ৮ এপ্রিল শীলখালী চেকপোস্টে ১,৭২,২০০টি ইয়াবা জব্দ হয়। ২ জুলাই সাবরাংয়ের ডেইলপাড়ায় ২ কেজি আইস উদ্ধার করে বিজিবি। ২৪ আগস্ট মৌলভীবাজার ও টেকনাফ সীমান্তে ৪,৫০,০০০ টি ইয়াবা ও ৩ কেজি আইস আটক করে বিজিবি। দুই বছরের মধ্যে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ৯ সেপ্টেম্বর। দিন হ্নীলা বিওপির স্লুইস গেট এলাকায় ১৪,০০,০০০ টি ইয়াবা উদ্ধার করে বিজিবি। ২৪ সেপ্টেম্বর হ্নীলার আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে ১,৪৯,৮০০ টি এবং সর্বশেষ ৫ অক্টোবর টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩,৯০,০০০ টি ইয়াবা জব্দ হয়।

 

২০২৫ সালের ১১টি অভিযানে নাফ নদী, লেদা ও সাবরাং সীমান্তে পরিচালিত হয়। বিজিবির অভিযানে ৫ জানুয়ারি নাফ নদীর জেলেপাড়ায় ২,৩০,০০০টি, ২২ জানুয়ারি লেদার মেম্বার পোস্টে ৪,৫০,০০০ , ৬ ফেব্রুয়ারি আদমের জোড়ায় ৪,০০,০০০ এবং ১৮ মার্চ লেদা বিওপির আলীখালীতে ২,০০,০০০ ইয়াবা জব্দ হয়। ১২ জুন নাফ নদীতে বিজিবি ৫০,০০০, ১৭ জুন লেদা ও নোয়াপাড়ার আদমের জোড়ায় ১,১০,০০০ এবং ১৯ জুন নাজিরপাড়া বিওপি এলাকায় বিজিবি ১,২০,০০০ ইয়াবা উদ্ধার করে। ১ জুলাই টেকনাফ সীমান্তে ৯০,০০০টি ইয়াবার সাথে ২৮ কেজি গাঁজা এবং ১৯ আগস্ট নাফ নদী থেকে ১,০০,০০০ ইয়াবা আটক করে বিজিবি। ১৪ সেপ্টেম্বর নাফ নদী ও খরেরমুখ চেকপোস্ট থেকে ২,৫৬,০০০ এবং ১৮ সেপ্টেম্বর সাবরাং স্লুইস গেটে যৌথ অভিযানে প্রায় ৩,৫০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট