চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে চোরাই ড্রাম ট্রাকসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই ড্রাম ট্রাক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২৬ | ৪:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ড্রাম ট্রাকসহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। উদ্ধার করা ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন—রাউজান থানার নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার শওকত আলী (৪২), রাঙামাটি সদর থানার তবলছড়ি এলাকার আবু তৈয়ব আলী (২৯) এবং চন্দনাইশ থানার দোহাজারী এলাকার আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)।
পুলিশ জানায়, পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকাস্থ সেনবাড়ি রোডের আবু মিস্ত্রির গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে নম্বরবিহীন একটি পুরাতন ‘EICHER TERRA25’ মডেলের ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। একই সাথে গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে পরবর্তীতে সেগুলো খণ্ডবিখণ্ড (পার্টস) করে বিক্রি করে আসছিল। গত ২৫ অক্টোবর শওকত আলীর প্ররোচণায় আবু তৈয়ব ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করে। চুরি শেষে গাড়িটি চট্টগ্রামে আনার জন্য শওকত বিশেষ পরিবহন (রোবট গাড়ি) পাঠায়। গাড়িটি চট্টগ্রাম এনে পার্টস খুলে বিক্রির জন্য আবু মিস্ত্রির গ্যারেজে রাখা হয়েছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট