চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মৃত্যুর পর স্বর্গে যাব, আমি ধার্মিক মানুষ: ট্রাম্প

মৃত্যুর পর স্বর্গে যাব, আমি ধার্মিক মানুষ: ট্রাম্প

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দেখেন এবং পরকালে তিনি স্বর্গে যাওয়ার আশা করেন। সম্প্রতি সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে ধর্ম, পরকাল, রাজনৈতিক শত্রু এবং ইউএফও বা ভিনগ্রহের যান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
 
সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের জীবন দর্শন ও নানা অজানা বিষয় উঠে আসে। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক ৮০ বছর বয়সি ট্রাম্পকে প্রশ্ন করেন, মৃত্যুর পর তার কী হবে বলে তিনি মনে করেন। এর জবাবে ট্রাম্প বলেন, তাত্ত্বিকভাবে তার স্বর্গেই যাওয়া উচিত, কারণ তিনি নরকে যেতে চান না। পাশাপাশি, মৃত্যুর পরও মানুষ যেন তাকে স্মরণ করে, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
 
তবে সাক্ষাৎকারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমার বিষয়ে এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তাকে প্রশ্ন করা হয়েছিল—যদি স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করতে হয়, তবে তিনি তা পারবেন কি না। জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, কিছু রাজনৈতিক শত্রুকে তিনি অতীতে ঘৃণা করেছেন এবং আজীবন করবেন, তাই তাদের ক্ষমা করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
 
রাজনীতি ও পরকালের পাশাপাশি আলোচিত বিষয় ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য বেশ কয়েকজন পাইলট তার সঙ্গে দেখা করেছিলেন। হলিউড তারকা টম ক্রুজের মতো পরিপাটি ও পেশাদার ওই পাইলটরা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী না হলেও, উড়ন্ত বস্তু সম্পর্কে অত্যন্ত অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা তার কাছে শেয়ার করেছিলেন। যদিও ব্যক্তিগতভাবে তিনি খুব একটা ইউএফওতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেন।
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট