যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ এড়ানো গেছে। গত ৫ নভেম্বর রানওয়েতে টেক-অফের জন্য প্রস্তুত হওয়া লুফথানসার একটি বিমানের গতিপথে হঠাৎ আমেরিকান এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার ঢুকে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
অ্যারোটেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সেদিন মায়ামি বিমানবন্দর থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল লুফথানসার বোয়িং ৭৪৭-৮ বিমানটির (ফ্লাইট এলএইচ৪৬৩)। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফিলাডেলফিয়া থেকে অবতরণ করা আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৮-৮ ড্রিমলাইনার (ফ্লাইট এএ১১৫৫) নেভিগেশনাল ভুল করে নির্ধারিত সীমা পেরিয়ে ট্যাক্সিওয়েতে ঢুকে পড়ে।
অনলাইনে প্রকাশিত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ও পাইলটদের অডিও রেকর্ডে সেই মুহূর্তের চিত্র ধরা পড়েছে। লুফথানসার পাইলটদের তাৎক্ষণিক ও জরুরি ব্রেকিংয়ের কারণেই মূলত দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। লুফথানসার পাইলটরা জানান, ট্যাক্সিওয়ের সর্বোচ্চ গতিতে থাকা অবস্থাতেই বিমানটি মারাত্মক দুর্ঘটনার মাত্র কয়েক মিটার দূরে এসে পুরো ব্রেক চেপে থামানো হয়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ঘটনার কারণে লুফথানসার এলএইচ৪৬৩ ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৫৩ মিনিট পর ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করে।
পূর্বকোণ/এমএইচ


















