খাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখছে।
পূর্বকোণ/পিআর



















