চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে আপসের কথা বলে ডেকে নিয়ে মারধর ও  ছুরিকাঘাত, আহত ২

রাউজানে আপসের কথা বলে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত, আহত ২

রাউজান সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তার সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
 
 
রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
 
এ সময় পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
 
 
আহত ব্যক্তিরা হলেন-প্রবাসী ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিন। তারা চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
 
 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়। পরে আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে করে বাড়ির সামনেই তাঁদের মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ সময় ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করেন হামলাকারীরা।
 
 
একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে চলে যান। আহত ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
 
 
আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত দুই মাস ধরে সারোয়ার প্রবাসী ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়।
 
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপসের কথা বলে ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাদের মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হবে।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট