চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের ঘরে মুশফিক

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ৩:০৯ অপরাহ্ণ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
 
 
সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনে সাত হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন মুশফিক। টাইগারদের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে অনন্য উচ্চতায় উঠে যান এই সংস্করণে বাংলাদেশের সফল ব্যাটার।
 
এই ম্যাচের আগে সাদা পোশাকের ক্রিকেটে সাত হাজার রান থেকে মাত্র ৪৩ রান দূরে ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হয়ে যাওয়ায় অপেক্ষা বাড়ে তার। দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৯ রান নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তিনি।
 
 
 
সাত হাজার রান পূর্ণ করতে ডানহাতি মুশফিকের লাগল ১০৪ টেস্টের ১৯৭ ইনিংস। সিলেট টেস্টের আগে খেলা ১০৬ ম্যাচের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে তার সংগ্রহ ছিল ছয় হাজার ৯৫৭ রান। তার নামের পাশে সেঞ্চুরি ১৪টি ও ফিফটি ৩০টি।
 
 
এই ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনেই ৪০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের হয়ে প্রতিরোধ গড়ার লড়াইয়ে আছেন মুশফিক। ক্রিজে তার সঙ্গী প্রথম ইনিংসে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়।
 
 
টেস্টে বাংলাদেশের হয়ে ছয় হাজার রানও নেই আর কোনো ব্যাটারের। পাঁচ হাজার রান আছে দুজনের। তারা হলেন মুমিনুল হক ও তামিম ইকবাল।
 
 
দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা, দায়িত্বশীল ব্যাটিং এবং কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরার স্বীকৃতিই যেন মুশফিকের এই মাইলফলক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখলেন অভিজ্ঞ এই ব্যাটার।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন