দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মত বসেছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবারের এই বৈঠকে আরও দুজন সদস্য মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে বৈঠকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ কত হওয়া উচিৎ— এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পৃথক লিখিত প্রস্তাব দেবে।
রবিবার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে দ্বিতীয় বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। যেখানে সভার আলোচ্যসূচিতে রয়েছে— গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক আলাদাভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিলকরণ এবং গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা।
শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে। বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
পূর্বকোণ/মিফতা




















