দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয় সিলেট টেস্টটা স্বপ্নের মতো কাটছে তাওহিদ হৃদয়ের। প্রথম ইনিংসে ২৪২ রানের হার না মানা ইনিংস খেলে গড়েছিলেন রেকর্ড। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নতুন এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
প্রথম ইনিংসে দলীয় ২২ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন তিনি, আর দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহ যখন ১ উইকেটে ৩৩ রান, তখন তাকে ব্যাট হাতে নামতে হয়।
প্রতিপক্ষের বোলিং তোপ সামলে অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সাথে ব্যাটিং চালিয়েই আন্তর্জাতিক টেস্টে বাংলাদেশি ব্যাটারদের তৈরি বহু পুরোনো একটি রেকর্ড ভেঙে দেন তিনি।
এরপর তিনি সে ধসটা সামলেছেন। রিপোর্ট লেখার আগ পর্যন্ত তিনি করেছেন ৪৬ রান, ব্যাটিং করছেন এখনও। এই ইনিংস খেলেই তিনি গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। এক টেস্টে কোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে মোট ২৮১ রান তুলে এতদিন রেকর্ডের শীর্ষে ছিলেন মুমিনুল হক।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের স্কোর ব্যক্তিগত ৪০ রানে নিয়ে যাওয়ার সাথে সাথেই মুমিনুলের ৮ বছর আগের সেই দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করেন হৃদয়।
তবে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে হৃদয়কে, ব্যাটের রানের গতিও বাড়াতে হবে বহুগুণে। ১৯৯০ সালে গ্রাহাম গুচ লর্ডসে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসে আবার করেছিলেন ১২৩ রান। তাতে তার মোট রান গিয়ে দাঁড়িয়েছিল ৪৫৬। সে রেকর্ড প্রায় ৩৬ বছর ধরে টিকে আছে এখনও।
সে রেকর্ডটা ভাঙতে এখনও হৃদয়ের দরকার ২২৮ রান, টেস্টের শেষ দিনে দেড় সেশনে এটা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। তবে হৃদয় চাইলে শীর্ষ ১০-এ উঠে আসার একটা চেষ্টা করতে পারেন। আর ৮৬ রান তুললে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে এই তালিকার সেরা দশে ঢুকে পড়বেন তিনি।
পূর্বকোণ/মিফতা




















