চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় পোশাক শ্রমিকদের পরিবহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আলমগীর। তিনি ওই বাসের হেলপার ছিলেন। আহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত শ্রমিকরা কেইপিজেড এলাকার বেনকট নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
বেনকটের সিকিউরিটি অফিসার বাবুল জানান, সকালে তাদের শ্রমিকদের পরিবহন করা বাসটি পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে এক কিলোমিটার দূরে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাসে থাকা হেলপার আলমগীরসহ আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসলে আলমগীর নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বাসটি জব্দ করেছি। বাসের চালক আটক আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর


















