চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ণ

ভূরাজনীতিতে অভূতপূর্ব ঘটনা দেখা যাচ্ছে। চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক বিশ্বরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক সম্পর্ক স্থিতিশীল করার যে লক্ষ্য নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন, তার কোনোটিতেই দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।

তবে এটা পরিষ্কার, বিশ্বরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে। বলা যায়, এর গোড়াটা কেবল ক্ষয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ছে। পড়বে না-ই–বা কেন, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। সেটা হলো, চীন ও এশিয়ার দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও ক্ষমতাকাঠামো এখনো পশ্চিমের দিকে হেলে আছে। চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান এবং রাশিয়ার ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।

এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে তিনটি পরাশক্তি—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তাদের মধ্যে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি কিছু বিষয়ে সমঝোতার প্রয়োজনও তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ১৯ নভেম্বর চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।

তিন নেতার এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা বসে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা নির্মাণ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, বর্তমান বিশ্বের তিন পরাশক্তিও কি নিজেদের মধ্যে নতুন কোনো সমঝোতা করতে যাচ্ছে।

রাশিয়ার ভূরাজনৈতিক চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের বক্তব্য এই আলোচনা আরও উসকে দিয়েছে। তাঁর প্রকাশিত সেই মানচিত্রে বিশ্বকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন—এই তিনটি প্রভাববলয়ে বিভক্ত করে দেখানো হয়েছে। অর্থাৎ, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার পরিবর্তে তিনটি শক্তির নেতৃত্বে ত্রিমেরু বিশ্বব্যবস্থা গড়ে উঠতে পারে।

এটা তিন দেশের আনুষ্ঠানিক পরিকল্পনা নয়; বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে ক্ষমতার পুনর্বিন্যাস কেমন হবে, তার ভূরাজনৈতিক ধারণা। কিন্তু এই ধারণার মধ্য দিয়ে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো—বিশ্ব কি আবার বড় শক্তিগুলোর প্রভাববলয়ে বিভক্ত হতে যাচ্ছে?

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট