ভোটে জিতলে আলো থাকবে, হারলেই আবার অন্ধকার! নির্বাচনে জেতার আশায় ভোটের আগে নিজের অর্থ ও প্রভাব খাঁটিয়ে গ্রামের রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে লাগিয়েছিলেন এলইডি বাতি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল বাক্সে ভোট পড়েনি আশানুরূপ, হেরে গেছেন প্রার্থী। আর তাতেই বাধে বিপত্তি! ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের বশে গ্রামের রাস্তার সেই বাতিগুলো খুলে নিয়ে গেছেন ওই প্রার্থী।
ভারতের রাজস্থানের টংক জেলার পঞ্চায়েতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীদের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের আগে ভোটারদের মন জয় করতে এবং প্রচারের অংশ হিসেবে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ এবং বিজলপুরা—এই চারটি গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এই লাইটগুলো লাগানো হয় বলে গ্রামবাসী জানায়।
তবে ফল প্রকাশের পর দেখা যায় প্রিয়াঙ্কা শর্মা ভোটে হেরে গেছেন। আর এর পরপরই শুরু হয় বাতি খুলে নেওয়ার তোড়জোড়। গ্রামবাসীর দাবি, ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রামগুলো থেকে লাইট খুলে নেওয়া শুরু হয়।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















