বাড়িতে হামলার মাস না পেরোতেই এবার নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির এক ফার্নিচার ব্যবসায়ী।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মুহাম্মদ আবছার। তিনি কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার শাহাবুদ্দিন চৌধুরীর ছেলে। হামলায় তার হাত ও উরু গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তেমুহনী বাজারসংলগ্ন নিজের ফার্নিচারের দোকানে বসে ছিলেন আবছার। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার হাত ও উরুতে বিদ্ধ হয় এবং অপর গুলিটি পাশ দিয়ে চলে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, গত সেপ্টেম্বরেও আবছারের বাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। সেবার ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। পরপর দুটি হামলার ঘটনায় এলাকায় ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত ব্যবসায়ীর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















