কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলিসহ দুইজনকে আটক করেছে বিজিবি। অভিযানে জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তারা দুজনই অটোরিকশার চালক।
বিজিবি জানায়, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে এসেছে। গোপনে সংবাদের ভিত্তিতে তা উদ্ধারে সড়কে তল্লাশিচৌকি বসায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ-২ বিজিবি। এ সময় অস্ত্র-গুলি, বিস্ফোরকসহ দুই অটোরিকশাচালক আটক হন। এসব অস্ত্র-গুলি ও বিস্ফোরক পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর

















