চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে চা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (২২ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চা বাগানের সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাতজন হলেন- মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)।
পুলিশ জানায়, তাদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের বিশেষ দল অভিযান পরিচালনা করে

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট