চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

তিন দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া পর্যটকেরা

তিন দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া পর্যটকেরা

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সৃষ্ট পরিস্থিতিতে টানা তিন দিন পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ফেরার আশা করছেন ওই দ্বীপে আটকে পড়া পর্যটকরা।

রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকে পড়েন। পরে কয়েক দফায় বেশ কিছু যাত্রী ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন। তবে সেখানে আটকা রয়েছে অন্তত আরও ৮ শতাধিক পর্যটক। রবিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরু করায় আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তিন দিন ধরে ফেরার আকুতি জানিয়ে আসছিলেন পর্যটকরা। আজ থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গিয়েছেন। জাহাজগুলো আটকে পড়া পর্যটকদের নিয়ে ফিরবে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় আজ সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট