পাকিস্তান-চীনের গভীরতর সামরিক অংশীদারত্ব ভারতের জন্য ‘দ্বিমুখী’ নিরাপত্তা চ্যালেঞ্জের ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন। এই হুমকি মোকাবিলায় ভারত মহাসাগরে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের কার্যকর প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছে মার্কিন প্যানেলটি।
‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’-এর (ইউএসসিসি) একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শিরোনামের একটি অধ্যায়ে কমিশন সতর্ক করেছে, পাকিস্তানের প্রতি চীনের ক্রমবর্ধমান সামরিক সমর্থন ভারতের জন্য দ্বিমুখী সংকটের সম্ভাবনাকে আরও জরুরি উদ্বেগের বিষয়ে পরিণত করেছে।
২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ওই ঘটনায় দেখা গেছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও সংকটের সময় চীন কীভাবে পাকিস্তানকে সহায়তা দিতে পারে। কমিশনের মতে, এটি পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের যেকোনও সংঘাতে ভারতের পরিকল্পনা জটিল করে তুলতে পারে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর অধিকারী। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র রয়ে গেলেও ইউএসসিসির মূল্যায়ন অনুযায়ী, স্থল ও সমুদ্রে বেইজিংয়ের সামনে আরেকটি কৌশলগত চ্যালেঞ্জ হাজির করেছে ভারত। কমিশন জোর দিয়ে বলেছে, চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা ওয়াশিংটনের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে নয়, বরং নিজস্ব কৌশলগত স্বার্থ এবং কৌশলগত স্বায়ত্তশাসনের অঙ্গীকার থেকেই উদ্ভূত।
বেইজিংয়ের আঞ্চলিক চাপ মোকাবিলা এবং কৌশলগত সমন্বয় বাড়াতে কমিশন সুপারিশ করেছে যে, কংগ্রেস যেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে নির্দেশ দেয়- তারা যেন ভারতীয় সমকক্ষদের সঙ্গে মিলে ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল ও সামুদ্রিক ডোমেইন সচেতনতা জোরদার করেন।
সূত্র: উইয়ন নিউজ
পূর্বকোণ/রাকিব/পারভেজ
কোনো সাজেশন পাওয়া যায়নি


















