চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জানমালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে: শামা ওবায়েদ

জানমালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

শান্তিপূর্ণভাবে রাজনীতি করলে কোনো সমস্যা নেই। তবে জ্বালাও-পোড়াও ও জানমালের ক্ষতি করলে বিপদে পড়তে হবে। রবিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মীসভায় এ হুঁশিয়ারি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে উপজেলা যুবদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ সৃষ্টি করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে।

নিজ দলের কর্মীদের সতর্কবার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো বিএনপি নেতা বা জিয়ার সৈনিকের বাড়িতে কোনো আওয়ামী দোসর পালিয়ে থাকার খবর পাওয়া গেলে ওই জিয়ার সৈনিককেও বিপদে পড়তে হবে।

সাধারণ আওয়ামী লীগ কর্মীদের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যে কেউ যেকোনো রাজনৈতিক দল করতেই পারেন, এটি দোষের কিছু নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো সাধারণ মানুষ—যারা বিএনপি করেন না, আওয়ামী লীগ বা অন্য দল করেন। তাদের যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা কোনো প্রতিহিংসামূলক আচরণ না করা হয়।

তিনি স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণভাবে রাজনীতি করলে কোনো বাধা নেই,তবে জ্বালাও-পোড়াও করলে বা মানুষের জানমালের ক্ষতি করলে কঠোর সমস্যায় পড়তে হবে।

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার গণতন্ত্রকামী মানুষকে গ্রামে ও ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট