লিওনেল মেসির হাতে ম্যাচ শুরুর আগে উঠেছিল গোল্ডেন বুটের পুরস্কার। কিন্তু ঘরের মাঠে নামার পর সেই আনন্দ আর ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের প্লে অফের প্রথম ম্যাচেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রবিবার ভোরে মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে প্লে-অফের প্রথম ম্যাচেই বড় চমক দেখিয়েছে কলম্বাস ক্রু। দলের হয়ে জোড়া গোল করেন গনসালো তাপিয়া। অন্য গোলটি তাহা হাবরুনের।
ন্যু স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। বক্সের মধ্যে প্রতিপক্ষের এই ফরোয়ার্ডকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মায়ামি গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার।
প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালো লুহান। এর আগে ২৩তম মিনিটে কাছ থেকে নেওয়া মেসির শট ঠেকিয়ে দেন শুল্টে। ৩১তম মিনিটে ফ্রি-কিক থেকেও আর্জেন্টাইন তারকার প্রচেষ্টা রুখে দেন কলম্বাস গোলকিপার।
প্রথমার্ধের শেষ দিকে মেজাজ হারান মেসি। তাপিয়ার মুখের পাশে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন তিনি। বিরতির সময় মাঠ ছাড়ার পথে দর্শকদের দুয়োও শুনতে হয় মায়ামির খেলোয়াড়দের।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাবরুন। এর ছয় মিনিট পর সেন্ট ক্লেয়ারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় কলম্বাসের।
ম্যাচ শুরুর আগে মায়ামির সহমালিক হোর্হে মাস মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট তুলে দেন। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হন মেসি। সঙ্গে ছিল ১৭টি অ্যাসিস্ট। টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড়ও তিনি। এমএলএসে একাধিকবার এই পুরস্কার জেতা ষষ্ঠ খেলোয়াড় মেসি।
নিয়মিত মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠা মায়ামির জন্য এই হার বড় ধাক্কা। সেপ্টেম্বরের ১ তারিখেও ইস্টার্ন কনফারেন্সে ১৫তম স্থানে ছিল কলম্বাস। তবে নিয়মিত মৌসুমের শেষ ছয় ম্যাচ জিতে প্লে-অফে ওঠা দলটি সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার কলম্বাসের মাঠে হবে।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















