এআই দিয়ে পরীক্ষায় নকলের জেরে সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। বিতর্কের সূত্রপাত কর হিসাবরক্ষক পরীক্ষার এক শীর্ষ পরীক্ষার্থীর স্বীকারোক্তিতে।
রবিবার (২২ নভেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।
গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) কর হিসাবরক্ষক (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন। ওই পরীক্ষার্থী জানান, ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন এবং সেখান থেকে উত্তর সংগ্রহ করতেন। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া পুলিশ তদন্ত শুরু করেছে।
দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ ‘সুনেউং’-এর মাত্র চার দিন আগে ওই ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ব্যাপক আশঙ্কা ছড়িয়ে পড়ে।
প্রতিবছর অনুষ্ঠিত ৯ ঘণ্টার ‘সুনেউং’ পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফলাফল বড় ভূমিকা রাখে বলে মনে করা হয়।
নকলের ঘটনা সামনে আসার পর ‘সুনেউং’ পরীক্ষা নির্বিঘ্নে নিতে সতর্কতা জারি করা হয়। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং লুকানো ক্যামেরা শনাক্তে পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকে তল্লাশি চালানো হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা ধরা পড়ে। এর প্রায় অর্ধেকই শনাক্ত হয় সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
কঠোর ব্যবস্থা নেওয়া হলেও জনমনে আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। এর আগে পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিনে জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ সক্ষম কি না এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী চোই বলেছিলেন, বয়সের কারণে তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী নন। তাঁর এই মন্তব্যে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন চোই কিয়ো-জিন। পোস্টে তিনি লেখেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















