চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মোবাইল বিস্ফোরণে ফেরিওয়ালার ঘরে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

মোবাইল বিস্ফোরণে ফেরিওয়ালার ঘরে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক রোয়াজারহাট ইছামতি নদীর কূল এলাকায় হঠাৎ ঘরের ভেতরে চার্জে থাকা একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন স্থানে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ফেরিওয়ালা এমদাদুল হক জানান, রাসমেলা উপলক্ষে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কেনা ১ লাখ টাকার নতুন কসমেটিকস সামগ্রী এবং ঘরে থাকা আরও ৭০ হাজার টাকার কসমেটিকস মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি পুড়ে গেছে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, আলমারি, ফ্রিজ, ফ্যানসহ যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র।

বিভিন্ন মেলায় কসমেটিকস সামগ্রী ফেরি করে বিক্রি করে সংসার চালান এমদাদুল হক। আগুনে সংসারের সম্বল ও জীবিকা নির্বাহের ব্যবসায়িক পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। পরিবারটি এখন চরম আর্থিক সংকটে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এমদাদুল হকের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় দুই ছেলে বিয়ের পর আলাদা বসবাস করেন এবং বর্তমানে তিনি এক ছেলের সঙ্গে একই বাড়িতে থাকেন। রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকায় রোয়াজারহাট সংলগ্ন ইছামতি নদীর সেতুর উত্তর পাশে নদীর কিনারায় তাঁর বসতঘর।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তারা অবগত নন এবং কেউ তাদের খবর দেয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে তারা বিষয়টি জানতে পারেন।

এদিকে পুঁজি ও বসতঘরের মালামাল হারিয়ে অসহায় হয়ে পড়া এই পরিবারের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ও দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট