চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মন্তব্য প্রতিবেদন

মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি নাকি মান, কোনটা প্রয়োজন

প্রফেসর ডা. খন্দকার এ কে আজাদ

১৯ নভেম্বর, ২০২৬ | ৭:৪২ পূর্বাহ্ণ

দেশে আরও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনের সংবাদ নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছেÑআমাদের অগ্রাধিকার কী মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি, নাকি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও সক্ষমতা উন্নয়ন?
গত দুই দশকে বাংলাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চিকিৎসক তৈরিতে বেসরকারি খাতও এখন গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে শিক্ষার মান কতটা নিশ্চিত হয়েছে, তা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৭৩টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্তত ৫১টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ সরকার নির্ধারিত ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। অন্যদিকে সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৪৭ শতাংশ শিক্ষক পদ শূন্য। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠার কয়েক বছর পরও সাতটি সরকারি মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল ছিল না।
এগুলো কেবল প্রশাসনিক দুর্বলতার পরিসংখ্যান নয়; চিকিৎসাশিক্ষার মান এবং ভবিষ্যৎ স্বাস্থ্যনিরাপত্তার জন্য গুরুতর সতর্কসংকেত।

 

মেডিকেল কলেজ শুধু একটি ভবন নয়
একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য ভবন, শ্রেণিকক্ষ ও শিক্ষার্থী থাকাই যথেষ্ট নয়। প্রয়োজন পর্যাপ্ত যোগ্য শিক্ষক, কার্যকর শিক্ষণ হাসপাতাল, পর্যাপ্ত রোগী, আধুনিক ল্যাবরেটরি, ক্লিনিক্যাল দক্ষতা অর্জনের সুযোগ এবং নিয়মিত মাননিয়ন্ত্রণ।
চিকিৎসা শিক্ষা অন্য যে কোনো শিক্ষার চেয়ে ভিন্ন। এখানে অপর্যাপ্ত প্রশিক্ষণের পরিণতি সরাসরি মানুষের জীবন ও নিরাপত্তার ওপর পড়তে পারে।
একজন চিকিৎসা শিক্ষক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, দক্ষ শিক্ষক ও পর্যাপ্ত ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়া শুধু মেডিকেল কলেজের সংখ্যা বাড়িয়ে দক্ষ চিকিৎসক তৈরি করা সম্ভব নয়।

 

আইন আছে, কার্যকর বাস্তবায়ন কতটা?
বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার জন্য দেশে আইন ও নীতিমালা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, হাসপাতালের শয্যা, রোগীসংখ্যা, ল্যাবরেটরি ও অন্যান্য সুযোগ-সুবিধার ন্যূনতম শর্তও নির্ধারিত। কিন্তু প্রশ্ন হলো, এসব শর্ত কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে?
যেসব প্রতিষ্ঠান বছরের পর বছর ন্যূনতম শর্ত পূরণ করতে পারছে না, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে নীতিমালার গুরুত্ব হারিয়ে যায়। চিকিৎসা শিক্ষাকে বাণিজ্যিক বা অন্য কোনো স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে।
বিশ্বব্যাপী চিকিৎসাশিক্ষার মানোন্নয়নে ‘ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের’ মানদ- গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব মানদ-ের মূল শিক্ষা হলোÑ শুধু অবকাঠামো নয়, শিক্ষার প্রক্রিয়া, শিক্ষার্থীর অর্জিত দক্ষতা, নিয়মিত মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

আন্তর্জাতিক স্বীকৃতি ও আমাদের চিকিৎসকদের ভবিষ্যৎ
আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা, উচ্চশিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। মেডিকেল কলেজগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভিত্তি হলো মানসম্মত চিকিৎসাশিক্ষা, কার্যকর মাননিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদ- অনুযায়ী স্বীকৃতি (অ্যাক্রেডিটেশনের) নিশ্চিত করা। আমাদের চিকিৎসকদের মেধার ঘাটতি নেই; প্রয়োজন এমন একটি শিক্ষাব্যবস্থা, যা তাঁদের যোগ্যতাকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ স্বীকৃতি ও প্রতিযোগিতার সুযোগ করে দেবে।

 

নতুন কলেজ নয়, নতুন চিন্তাভাবনাও প্রয়োজন
শিক্ষকসংকট ও সীমিত সম্পদের বাস্তবতায় বাংলাদেশকে চিকিৎসাশিক্ষার আধুনিক বিকল্প পদ্ধতিগুলো বিবেচনা করতে হবে। একই অঞ্চলের একাধিক মেডিকেল কলেজকে একাডেমিক ক্লাস্টারের আওতায় এনে শিক্ষক, হাসপাতাল ও প্রশিক্ষণ সুবিধা যৌথভাবে ব্যবহার করা যেতে পারে।
প্রতিটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল ডিজিটাল টিচিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা সম্ভব। এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকরা একাধিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য সমন্বিত পাঠদান, ক্লিনিক্যাল কেস আলোচনা, গ্র্যান্ড রাউন্ড ও জার্নাল ক্লাব পরিচালনা করতে পারবেন।
পাশাপাশি অঞ্চলভিত্তিক সিম্যুলেশন এবং ক্লিনিক্যাল স্কিলস সেন্টার এবং বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল রোটেশন চালু করলে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়বে।
তবে ডিজিটাল শিক্ষা কখনো বাস্তব রোগীর পাশে থেকে শেখার বিকল্প নয়; এটি হতে পারে বিদ্যমান ক্লিনিক্যাল শিক্ষার একটি কার্যকর পরিপূরক।

 

এখন যা করা জরুরি
প্রথমত, বিদ্যমান মেডিকেল কলেজগুলোর সক্ষমতা নিরপেক্ষভাবে মূল্যায়ন না করে নতুন কলেজ অনুমোদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন মেডিকেল কলেজের অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।
দ্বিতীয়ত, ঘাটতিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষক, হাসপাতাল, রোগী ও অবকাঠামোর ঘাটতি পূরণের নির্দেশ দিতে হবে। ব্যর্থ হলে ধাপে ধাপে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত এবং প্রয়োজনে অনুমোদন বাতিলের ব্যবস্থা থাকতে হবে।
তৃতীয়ত, সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদায়নের দীর্ঘসূত্রতা দূর করে শূন্য পদ পূরণে অগ্রাধিকার দিতে হবে।
চতুর্থত, প্রতিটি মেডিকেল কলেজের শিক্ষকসংখ্যা, হাসপাতালের শয্যা, রোগীসংখ্যা, ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ এবং অ্যাক্রেডিটেশনের অবস্থা নিয়মিত প্রকাশ করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মেডিকেল কলেজের মান নির্ধারণে শুধু ভবন, শয্যা বা পরীক্ষার ফলাফল নয়Ñ স্নাতকদের প্রকৃত ক্লিনিক্যাল দক্ষতা, পেশাগত আচরণ, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসাসেবার মানকে গুরুত্ব দিতে হবে।

 

শেষ কথা
বাংলাদেশের চিকিৎসা শিক্ষা আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন থাকতে পারে, কিন্তু তা অবশ্যই হতে হবে চাহিদাভিত্তিক, পরিকল্পিত এবং পর্যাপ্ত শিক্ষাগত ও ক্লিনিক্যাল সক্ষমতার ভিত্তিতে।
আমাদের লক্ষ্য শুধু বেশি চিকিৎসক তৈরি করা নয়; দক্ষ, মানবিক, দায়িত্বশীল এবং নিরাপদ চিকিৎসাসেবা দিতে সক্ষম চিকিৎসক তৈরি করা।
মনে রাখতে হবে, আজকের চিকিৎসা শিক্ষার মানই নির্ধারণ করবে আগামী দিনের চিকিৎসাসেবার মান এবং জাতীয় স্বাস্থ্যনিরাপত্তার ভবিষ্যৎ।
সংখ্যার প্রতিযোগিতা নয়, মানের নিশ্চয়তাই হোক বাংলাদেশের চিকিৎসাশিক্ষার প্রধান অঙ্গীকার।

 

সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ
চেয়ারম্যান, পোস্টগ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট