চট্টগ্রামের জোরারগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)।
শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। গোপন খবর পেয়ে নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। এসময় একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর

















