ঢাকার লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন একজন।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘটে এ ঘটনা। সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তি জাহাঙ্গীর ইসলাম (৪৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন ।
জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এসময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, সন্ধ্যার দিকে কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ
















