চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে জাল ভিসা ও ১৭টি পাসপোর্টসহ মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামে জাল ভিসা ও ১৭টি পাসপোর্টসহ মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

২২ নভেম্বর, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্টসহ চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
 
রবিবার (২২ নভেম্বর) কাটাপাহাড়স্থ বদরউদ্দিন মার্কেটের ৫ম তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
 
 
গ্রেপ্তার আব্দুল মাবুদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সতিপাড়া ও নগরীর ফিরিঙ্গিবাজার বংশাল রোডের স্থায়ী বাসিন্দা। তবে তিনি বর্তমানে ঢাকার তেজগাঁও স্টেশন রোডের তালুকদার ড্রিম বিল্ডিংয়ে বসবাস করেন এবং মগবাজারের শেখ প্লাজায় ‘আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
 
 
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, পুলিশের একটি দল রোববার বদরউদ্দিন মার্কেটে বিশেষ অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
 
 
গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা, জালিয়াতি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে রবিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট