চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আবুধাবিতে বাংলাদেশি তরুণের লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কার অর্জন

আবুধাবিতে বাংলাদেশি তরুণের লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কার অর্জন

ইউএই প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৬ | ৪:৩৪ অপরাহ্ণ

ইউএই সরকারের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড এমিরাটাইজেশন (মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়) হতে ২০২৬ সালের লেবার মার্কেট এওয়ার্ড  পেলেন আবুধাবিতে বসবাসকারী সিলেট প্রবাসী বাংলাদেশী তরুণ মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। যা ছিল এ ধরনের আয়োজনের চতুর্থ পর্ব।  
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এসময় ওয়াহিদ ও অন্যান্য বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট এন্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্ট এর ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান।
 
মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়  কর্তৃক আয়োজিত এই পুরস্কারটির লক্ষ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা  ও কর্মীদের সম্মানিত করা এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের সফল চর্চাগুলো তুলে ধরা।
 
অনুষ্ঠানের চারটি প্রধান ক্যাটাগরি হলো- উদ্যোক্তা ও কোম্পানি, উদ্ভাবন এবং ডিজিটাল ভবিষ্যৎ, কর্মশক্তির সুরক্ষা ও কল্যাণ এবং পরিবার-বান্ধব কর্মপরিবেশ। এছাড়া এই পুরস্কার বিভিন্ন পেশা ও বিশেষায়িত ক্ষেত্রে বিশিষ্ট যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সম্মানিত করে।
 
বিভিন্ন পর্বে মোট ৩৩,০০০ আবেদনকারীর মধ্য থেকে  চূড়ান্ত পর্বের বিজয়ীদের বাছাই করা হয়। মোহাম্মদ ওয়াহিদ ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে লেবার মার্কেট ট্যালেন্টস (স্টোরিজ অব পার্সিভিয়ারেন্স) পুরস্কার বাবদ একটি অভিজ্ঞান পত্র স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার দিরহাম (প্রায় ১৭ লক্ষ টাকা) লাভ করেন। ওয়াহিদ একমাত্র বাংলাদেশি যিনি এই সম্মানজনক স্বীকৃতি পেলেন।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন