চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডিসেম্বরে সীমান্তে কঠোর নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না। মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
 
রবিবার (২২ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শনে আসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
 
বিজিবি মহাপরিচালক বলেন, সারাদেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
 
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
এ সময় সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক আসা-যাওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করা হবে। পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট