বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। চলতি বছরে গড়া সর্বোচ্চ রেকর্ডের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ নিচে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।
গত বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সোনার দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। এটি রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম। রবিবার (২২ নবেম্বর) এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে স্থির ছিল।
দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।
ইতিহাস বলছে, প্রতিটি বড় দরপতনের পর সোনার দাম শেষ পর্যন্ত আগের সর্বোচ্চ দাম ছাড়িয়েছে। কিন্তু কত দিনে ছাড়াবে, তার কোনো নির্দিষ্ট ধরন নেই। ছোট দরপতনে কখনো কয়েক মাস যেমন লেগেছে, তেমনি বড় দরপতনে কখনো সামলে নিতে লেগে গেছে কয়েক দশক।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















