চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম তৌহিদুল আলম আকিব (১৯)। তিনি পটিয়া উপজেলার কুলাগাঁও মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি হাটহাজারী থানার কুয়াইশ এলাকার শিকারপুর ইউনিয়নের সাজেদা ম্যানশনে বসবাস করছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আকিব তার বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে বলে স্বীকার করে।
এরপর আকিবকে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল, ইয়াবার সাইজ নির্ধারণের যন্ত্র স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আকিব জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন এবং ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। উদ্ধার ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
পূর্বকোণ/পিআর


















