বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পদে বড় ধরনের ধস নেমেছে। বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা প্রকাশ্যে আসা এবং পদত্যাগের পর মাত্র ১০ দিনের ব্যবধানে তার সম্পদ কমেছে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি।
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়ও তার অবস্থানের অবনতি হয়েছে।
ফোর্বসের ১৯ নভেম্বর প্রকাশিত ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৩ বছর বয়সী হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এক দিনেই তার সম্পদ কমেছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। দৈনিক সম্পদ হারানোর হিসাবে বিশ্বের ধনীদের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। এ তালিকায় তার চেয়ে বেশি সম্পদ হারিয়েছেন জাপানের ব্যবসায়ী তাকেমিৎসু তাকিজাকি।
সম্পদ কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় হুয়াংয়ের অবস্থানও পিছিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন ১৪তম স্থানে। তার ওপরে আছেন ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন। অন্যদিকে তার পরের অবস্থানে রয়েছেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু ও তার পরিবার।
গত ৯ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি ছিলেন হুয়াং। তখন তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১৬২ দশমিক ২ বিলিয়ন ডলার। এর আগের দিনই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর থেকে তার সম্পদ প্রায় ১৯ শতাংশ কমেছে। এর মধ্যে ১০ নভেম্বর সবচেয়ে বড় ধাক্কা আসে। ওই দিনই তার সম্পদ কমে যায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।
এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক হুয়াং। ফলে প্রতিষ্ঠানটির শেয়ারের দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে তার ব্যক্তিগত সম্পদে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিতর্কের খবর প্রকাশ্যে আসার পর ১৬ নভেম্বর পর্যন্ত এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৮০০ বিলিয়ন ডলার কমে যায়। প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ে।
১২ নভেম্বর এনভিডিয়ার প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। পদত্যাগের পর প্রথমবারের মতো গত মঙ্গলবার নীরবতা ভাঙেন তিনি। ব্যক্তিগত জীবনের ভুলের কথা স্বীকার করার পাশাপাশি এনভিডিয়ার সিইও পদে ফিরে আসার আগ্রহও প্রকাশ করেন তিনি।
তবে তার সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হার্ভি জোন্স। তিনি জানান, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের জন্য স্থায়ী উত্তরসূরি খুঁজে বের করার প্রক্রিয়াও চলবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















