নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি (আনসু চট্টগ্রাম)-এর উদ্যোগে ‘এনএসইউ অ্যালামনাই ডে আউট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ওয়েল অ্যাগ্রোতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দ, পুনর্মিলন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে ছিল বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, যার মধ্যে পরিচিতি ও মতবিনিময় পর্ব, আকর্ষণীয় গেমস, বোটিং, ফিশিংসহ নানা ধরনের আউটডোর কার্যক্রম। এছাড়াও দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ মিলনমেলা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আনসু চট্টগ্রাম-এর সভাপতি জসিম আহমেদ উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা এবং একটি প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং সবার অংশগ্রহণে তৈরি হবে স্মরণীয় কিছু মুহূর্ত।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত আয়োজক কমিটিতে কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম সারওয়ার চৌধুরী এবং কো-কনভেনর হিসেবে ছিলেন মোহাম্মদ ইসমাইল মুন্না। কমিটির অন্যান্য সদস্য ছিলেন চৌধুরী নিয়াজ আহমেদ, শাহরিয়ার ইসলাম খান ও মোহাম্মদ তুহিব চৌধুরী। তাদের সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পনা, সমন্বয় ও আন্তরিকতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি করবে এবং চট্টগ্রামে একটি সুসংগঠিত, প্রাণবন্ত ও শক্তিশালী অ্যালামনাই কমিউনিটি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনএসইউ অ্যালামনাই ডে আউট ২০২৬-এর সফল সমাপ্তি আনসু চট্টগ্রাম পরিবারের সদস্যদের আরও কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে একটি অর্থবহ সংযোজন হয়ে থাকবে। আয়োজকদের মতে, একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকৃত শক্তি শুধু অভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়ে নয়, বরং পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও আজীবন অটুট থাকা বন্ধনের মধ্যেই নিহিত।
পূর্বকোণ/জিলানী/ইবনুর


















