চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টাকা আছে, পরিকল্পনার অভাবে খরচ করা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী

টাকা আছে, পরিকল্পনার অভাবে খরচ করা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

মানসম্মত শিক্ষা নিশ্চিতে পর্যাপ্ত অর্থের জোগান রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির পরিকল্পনাহীনতায় সেই টাকা ব্যয় করা যাচ্ছে না। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
 
রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
 
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, তা তিনি খরচ করতে পারছেন না। অবকাঠামো উন্নয়নের বাইরে মানসম্মত শিক্ষা উন্নয়নে কত টাকা ব্যয় হচ্ছে প্রধানমন্ত্রী তা জানতে চান। কিন্তু ইউজিসি ও উপাচার্যরা এ খাতে সঠিক বাজেট দিতেও পারেন না, করতেও পারেন না।
 
গবেষণা খাতের অপ্রতুল বরাদ্দের দায়ও বিশ্ববিদ্যালয় ও ইউজিসির ওপর চাপিয়ে মন্ত্রী বলেন, গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২১ কোটি টাকা দেওয়া হলেও এবার ইউজিসি মাত্র ২২ কোটি টাকা দিয়েছে। ইউজিসির ছয়জনের মধ্যে চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হওয়া সত্ত্বেও তারা চাহিদা চিহ্নিত করতে পারেননি।
 
বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, সরকার টাকার অভাবের কথা বলেনি, বরং পরিকল্পনা না দিয়ে উল্টো মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। 
 
হুঁশ করে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনীতি করতে নয়, পেশাদারত্বের সঙ্গে কাজ করতেই তিনি মন্ত্রিত্ব পরিচালনা করছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় কী করতে চায়, কত টাকা প্রয়োজন এবং কীভাবে তারা এগিয়ে যাবে সেই সুনির্দিষ্ট পরিকল্পনা জানালেই সরকার অর্থ ও সহযোগিতা দিতে প্রস্তুত।
 
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব ঘোচাতে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ওবিই (আউটকাম বেসড এডুকেশন) কারিকুলাম চালু হয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস, টেকনোলজি ট্রান্সফার অফিস ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট