চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা 

২২ নভেম্বর, ২০২৬ | ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 
 
নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৮)। তিনি মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
 
 
জানা গেছে, রবিবার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির রিটানিং ওয়ালের নির্মাণাধীন তোরনের সেন্টারিং খোলার সময় ধসে  অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যায়। পরে স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টায় উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালায় দেয়া হয় গত বৃহস্পতিবার সকালে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধসে পড়ে।
 
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরনটি ভেঙে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মারা যায়।
 
 
তিনি আরো বলেন, তোরণটি ঢালাই দেয়া হয় গত বৃহস্পতিবারে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
 
 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
 
 
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।
 
পূর্বকোণ/পিআর 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট