নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চায় সরকার।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহযোগিতা করে।
সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করেছে এ সম্মেলন।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন ও কলকারখানা পরিদর্শন কার্যক্রমকে কার্যকর করতে সহায়তা করবে। পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত গার্মেন্টসশিল্প রক্ষার দায়িত্ব সবার।
সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















