চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা সোবহান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইব্রাহিমকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টায় নগরীর বাকলিয়া থানার নতুনব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের সৈয়দনগর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তিনি ৭ বছর পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৩০ অক্টোবর রানিরহাট থেকে চাঁদের গাড়িতে ফেরার পথে সোনারগাঁও রাস্তার মাথা থেকে মুক্তিযোদ্ধা সোবহানকে অপহরণ করে তৎকালীন ত্রাস আইয়ুব বাহিনী। পরে ১২ নভেম্বর ইসলামপুর জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বখতেয়ার হোসেন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ১৯৯৬ সালের ৩০ মে এই মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরবর্তীতে আসামিরা উচ্চ আদালতে আপিল করলে নিম্ন আদালতের রায় বহাল থাকে। এরপর ২০১৯ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে সাজা বহাল রাখেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারের পর বুধবার (২৫ নভেম্বর) ইব্রাহিমকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি পারুয়া সৈয়দনগর কাটাখালী এলাকায় মুক্তিযোদ্ধা সোবহানের দুই ছেলে কবির আহমদ ও সফুর আহমেদকে রিকশা থেকে নামিয়ে চোখে খেজুর কাঁটা ও অ্যাসিড দিয়ে অন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোবহান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা প্রত্যাহার না করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবারের সদস্যরা দাবি করে করেন।
পূর্বকোণ/রানা/এএইচ

















