চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

লিবিয়া থেকে অপহরণ-নির্যাতনের শিকার ১৭৩ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়া থেকে অপহরণ-নির্যাতনের শিকার ১৭৩ বাংলাদেশি দেশে ফিরলেন

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৯:২৮ অপরাহ্ণ

লিবিয়া থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করা এসব নাগরিক বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

পূর্বকোণ/মিফতা

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট