চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেশত্যাগ নয়, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সাংবাদিকদের ব্যক্তিগত সহকারী

দেশত্যাগ নয়, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৬ | ১০:২০ অপরাহ্ণ

রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের গুজব ছড়িয়েছে। তিনি স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন-এমন প্রচারণার মধ্যেই আজ মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যক্তিগত মিডিয়া সহকারী মো. সোলায়মান আকন সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (২৩ নভেম্বর) সকালে সিঙ্গাপুর গেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চিকিৎসা শেষে তিনি শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্যের বিদেশে চিকিৎসা গ্রহণকে কেন্দ্র করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিদেশযাত্রাকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছেন তার অনুসারী ও স্থানীয় বিএনপি নেতারাও। তাদের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে।

এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একটি অডিও বার্তা। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় রাত জেগে পাহারা দেওয়া এবং সতর্ক থাকার নির্দেশনা দেন। ওই ভয়েস বার্তা ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে নানা ধরনের প্রচারণা শুরু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

রাউজান উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান মঙ্গলবার দুপুরে বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংসদ সদস্য। তিনি কেন বিদেশে পালিয়ে যাবেন? এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক বিষয় নয়।

নুরুল হুদা আরও বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এর আগেও লন্ডন থেকে দেশে এসেছেন এবং প্রায়ই সংযুক্ত আরব আমিরাতে যান। চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরেও যান। তাই বিদেশে যাওয়াকে দেশত্যাগ বা পালিয়ে যাওয়া হিসেবে প্রচার করা ঠিক নয়। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সংবাদ দেখাশোনার দায়িত্বে থাকা খোরশেদ আলম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি ভয়েস বার্তা দিয়েছিলেন। একটি দুষ্টচক্র ওই বার্তার কথাগুলো আগে-পরে সাজিয়ে এবং মিথ্যা তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়েছে।

ছড়িয়ে পড়া ভয়েস বার্তায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, তাদের ওপর চাপ তৈরি হচ্ছে এবং পরিস্থিতি এত দ্রুত পরিবর্তিত হবে, তা তিনি ধারণা করেননি। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রতিটি এলাকায় রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। কোনো এলাকাই পাহারার বাইরে রাখা যাবে না।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি নিজ নিজ এলাকার দেখাশোনা করার নির্দেশ দেন। একই সঙ্গে রাউজানে তাদের বিরুদ্ধে অসন্তোষ, কেলেঙ্কারি, মারামারি, চাঁদাবাজি ও বাকশালী তৎপরতার অভিযোগের কথাও ওই বার্তায় উল্লেখ করেন। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা এখন তাদের আসল রূপ দেখাচ্ছে। দলের যেসব নেতা-কর্মী আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ভয়েস বার্তার শেষ দিকে দেশ ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেতা-কর্মীদের সহযোগিতা চান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট