চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ণ

গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ কিংবা ক্যাশ আউটে সমস্যার পাশাপাশি গ্রাহকদের ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে। এতে জমা থাকা টাকা ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস কর্মীরা এজেন্টদের কাছে টাকা পাঠাতে না পারায় নগদ অর্থের সংকটও তৈরি হয়েছে।
 
বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।
 
হিসাব কেন বন্ধ হলো, কবে খুলবে কিংবা কীভাবে চালু করা যাবে এ বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় ব্যবসায়ী ও সঞ্চয়কারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
তবে গোপালগঞ্জ বা নির্দিষ্ট কোনো এলাকার হিসাব আলাদা করে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত ও যাচাই শেষে হিসাব চালু করা হবে নাকি বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত নেওয়া হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি পুনরায় যাচাই করা হয় এবং বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না মিললে তা চালু করে দেওয়া হয়।
 
তিনি আরও বলেন, এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নয়। প্রায় আট কোটি গ্রাহকের মধ্যে কার হিসাব গোপালগঞ্জের নাকি ঢাকার, এভাবে আলাদা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
 
নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে এমন তথ্য আমাদের কাছে নেই। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়ায় হিসাব বন্ধ হতে পারে। এক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়।
 
নগদ ও রকেটের গ্রাহকদেরও একই ভোগান্তির অভিযোগ থাকলেও ঠিক কতটি হিসাব বন্ধ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটি হিসাব বন্ধ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট