চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঁচতলা ভবনের ছাদে ময়লা ফেলতে গিয়ে ইটের রেলিং ভেঙে পড়ে নিয়তি বণিক (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়তি বণিক ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
নিহতের ছেলে নোটন বণিক জানান, সকালে মা পাঁচতলা ভবনের ছাদে ময়লা ফেলতে গিয়েছিলেন। এ সময় পা পিছলে ছাদের পুরোনো ইটের রেলিং ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনার খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছাদ থেকে পড়ে যাওয়া ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পাঁচতলা ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার ছেলে বিনা ময়নাতদন্তে লাশের শেষকৃত্যের এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না করার আবেদন করেন। এরপর বৃদ্ধার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারকে হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ

















